যুক্তিবিদ্যায় পদের ব্যাপ্যতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। একটি নিরপেক্ষ বচনে সাধারণত দুটি পদ থাকে—একটি উদ্দেশ্য পদ (Subject Term) এবং অন্যটি বিধেয় পদ (Predicate Term)।
বচনে ব্যবহৃত এই পদগুলোর পরিধি বা বিস্তৃতি কতটা—তা বোঝাতেই ‘ব্যাপ্যতা’ শব্দটি ব্যবহার করা হয়।
সংজ্ঞা:
নিরপেক্ষ বচনে ব্যবহৃত কোনো পদ তার দ্বারা নির্দেশিত শ্রেণির সমগ্র বা সম্পূর্ণ সদস্যকে যদি বোঝায়, তবে সেই পদটিকে ব্যাপ্য (Distributed) বলা হয়। আর পদটি যদি তার সম্পূর্ণ সদস্যকে না বুঝিয়ে কেবল আংশিক অংশকে বোঝায়, তবে তাকে অব্যাপ্য (Undistributed) বলা হয়।
আর একটি বচনে কোনো পদ ব্যাপ্য না অব্যাপ্য—এই ধর্ম বা প্রক্রিয়াকেই পদের ব্যাপ্যতা বলা হয়।
- ব্যাপ্য পদ: যে পদে সম্পূর্ণ ব্যক্তার্থ বা শ্রেণিটিকে নির্দেশ করা হয়।
- অব্যাপ্য পদ: যে পদে আংশিক ব্যক্তার্থ বা শ্রেণির একাংশকে নির্দেশ করা হয়।
চার প্রকার নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা
যুক্তিবিদ্যায় নিরপেক্ষ বচন প্রধানত চার প্রকার: A, E, I এবং O। এই চার, প্রকার বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য হয় তা নিচে ছকের মাধ্যমে দেখানো হলো:
| বচনের প্রকার | বচনের নাম | উদ্দেশ্য পদ | বিধেয় পদ |
| A | সামান্য সদর্থক বচন | ব্যাপ্য | অব্যাপ্য |
| E | সামান্য নঞর্থক বচন | ব্যাপ্য | ব্যাপ্য |
| I | বিশেষ সদর্থক বচন | অব্যাপ্য | অব্যাপ্য |
| O | বিশেষ নঞর্থক বচন | অব্যাপ্য | ব্যাপ্য |
সংক্ষেপে মনে রাখার নিয়ম:
১. সামান্য বচন (A ও E) সবসময় উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে।
২. নঞর্থক বচন (E ও O) সবসময় বিধেয় পদকে ব্যাপ্য করে।