কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কত প্রকার ও কি কি?

কোষ বিভাজন কাকে বলে?
যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ বিভাজন ঘটে, সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে।

কোষ বিভাজনের প্রকারভেদ

কোষ বিভাজন ৩ প্রকার হয়ে থাকে। যথাঃ
ক) অ্যামাইটোসিস কোষ বিভাজন (Amitosis Cell Division)
খ) মাইটোসিস কোষ বিভাজন (Mitosis Cell Division) এবং
গ) মিয়োসিস কোষ বিভাজন (Meiosis Cell Division)

অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া, ঈস্ট প্রভৃতি এককোষী প্রোক্যারিওটিক জীবে দেখা যায়। এ বিভাজনে নিউক্লিয়াসটির নিউক্লিয় সামগ্রী প্রথমে সরাসরি দুই অংশে বিভক্ত হয় এবং পরে কোষটিও মধ্যভাগ বরাবর দু’ভাগে বিভক্ত হয়। এর ফলে একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়।

মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

মাইটোসিস এক প্রকার কোষ বিভাজন; যার মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয়।এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, গঠন ও গুণাগুণ সম্পন্ন হয়। মাইটোসিসকে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজনও বলা হয়। এ বিভাজন সাধারণত দেহকোষে হয়ে থাকে এবং এ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদের সকল ভাজক কোষে মাইটোসিস হয়।

মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে?

মিয়োসিস এক প্রকার কোষ বিভাজন যার মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দু’বার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। গ্রিক শব্দ Meiosis অর্থ হ্রাস করা এবং এর থেকেই মিয়োসিস শব্দের উদ্ভব হয়েছে। এই কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের মাতৃজনন কোষে হয়। ফলে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয় অথবা হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোষে হয়। জীবটি পুনরায় হ্যাপ্লয়েড অবস্থায় ফিরে আসে।

error: Content is protected !!